‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা, আহত ১

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা, আহত ১ শ্রমিক দল নেত্রী নাসিমা বেগম। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৬, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় গুরুতর আহত নাসিমা বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাসিমা বেগম ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভার থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে আসে। এ সময় তারা একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এর মধ্যে একটি বোমা নাসিমা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। হামলার খবর পেয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে আহত নাসিমার খোঁজখবর নেন।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, আহত নাসিমা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, এ ঘটনায় শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বোমা হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
শেয়ার করুনঃ
Advertisement