ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৩, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিকের দাবি, এ ঘটনায় প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা নগদ খোয়া গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়। এরপর তাঁরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করার পর তাঁদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

জুয়েলার্সটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন দোকানটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

তিনি আরও দাবি করেন, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন দুর্বৃত্তদের দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ
Advertisement