বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৬, ২৪ নভেম্বর ২০২৬

থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাসের আলমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি ঝিনাইদহ-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানিয়েছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল বলে তথ্য রয়েছে। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।

এ ছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করার কাজে তিনি সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement