বাড্ডা ও রামপুরায় যাত্রীবাহী দুই বাসে আগুন
Published : ০১:৫৮, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা ও সোয়া ১১টার দিকে পৃথক এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা।
অন্যদিকে, রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পৃথক দুটি ঘটনায় বাসের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।































