রাজধানী থেকে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম গ্রেপ্তার
Published : ০১:৪২, ১৯ নভেম্বর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা জব্দের কথা জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিং এলাকার ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানা সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।































