গুঁড়িয়ে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’
Published : ১১:৪৫, ১৭ আগস্ট ২০২৬
রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে রোববার (১৬ আগস্ট) অভিযান চালিয়ে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মিজানের ভাতের হোটেল’-এর অস্থায়ী কাঠামো উচ্ছেদ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে পথচারীদের চলাচলে সমস্যা হওয়ার পাশাপাশি ওই এলাকায় যানজটও সৃষ্টি হতো।
এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্পমূল্যে ভাত ও খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পায়। তবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এবার উচ্ছেদ করা হলো প্রতিষ্ঠানটি।


































