ফ্লাইওভারে উঠতে গিয়ে ‘পিংক বাস’ বিপাকে, পরে পুরুষ চালকের সহায়তা
Published : ১৭:৩৮, ১৯ আগস্ট ২০২৬
রাজধানীতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য নির্ধারিত বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হয়েছে ‘পিংক বাস’ সেবা। নারীদের পরিচালনায় চালু হওয়া ব্যতিক্রমী এই পরিবহন ব্যবস্থা চালুর পর থেকেই আলোচনায় এসেছে।
বুধবার শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক ফাহিমা সানজান সমস্যায় পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হয়ে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন।
পরে বড় ধরনের দুর্ঘটনা কিংবা যানজট এড়াতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন। তার সহযোগিতায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে তোলা হয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
চালুর পরই যাত্রীসংকট
এদিকে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের লক্ষ্য নিয়ে চালু হওয়া ‘পিংক বাস’ সেবায় শুরুতেই দেখা দিয়েছে যাত্রীসংকট।
মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের একটি বাসে বুধবার হাতে গোনা কয়েকজন যাত্রী দেখা যায়। বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী।
মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন ওই দুই যাত্রী। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু নির্ধারিত পয়েন্টে না থেমেই চলাচল করে।
একই চিত্র দেখা যায় আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেও। শাহবাগ মোড়ে বাসটিতে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।
নতুন এই সেবা নিয়ে যাত্রীদের মধ্যে আগ্রহ থাকলেও শুরুতে যাত্রীসংখ্যা কম থাকায় সেবাটির কার্যকারিতা ও জনপ্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


































