রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ‘শুটার লেলিন’ গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ‘শুটার লেলিন’ গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২১, ১৯ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, ডিবির মিরপুর জোনাল টিম অভিযান চালিয়ে লেলিনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। মিরপুর এলাকায় চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন অপকর্মের অভিযোগে এর আগে বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছিলেন তিনি।

গ্রেপ্তার লেলিনের বাবা মৃত আবুল হোসেন এবং মা জোসনা বেগম। তিনি শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকার বাসিন্দা।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৪০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement