বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
Published : ১৩:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ধারাবাহিক সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে তার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে এ উপলক্ষে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে প্রধান অতিথির বক্তব্য দিতে মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বেলা ১২টা ৩০ মিনিটে মঞ্চে উপস্থিত হলে নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এ সময় চারদিক থেকে ভেসে আসে স্লোগান—‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে।’
হাত নেড়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপির এই শীর্ষ নেতা।
এই জনসভাকে ঘিরে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এই মঞ্চ থেকেই বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তার।
দলীয় চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশের আগের দিনই বরিশাল নগরীতে এসে পৌঁছান। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে জড়ো হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও ব্যাপকভাবে এই সমাবেশে অংশ নেবেন। স্বাভাবিকভাবে উপস্থিতির সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। তা জানতে হলে প্রযুক্তির সহায়তা নিতে হবে।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। শুধু সমাবেশ নয়, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেও পুলিশ কাজ করছে। পাশাপাশি অন্যান্য প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা দিতে নগরজুড়েও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।
বিডি/এএন

































