নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন
Published : ১৪:০০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনা সদর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই দিন আগে নাশকতার ঘটনা ঘটেছে। সোমবার রাত (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষে জানালার গ্রিলের ফাঁক দিয়ে আগুন ধরানো হয়। ওই ভবনে মোট চারটি ভোটবুথ ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি কক্ষের দুটি বেঞ্চ, একটি ফ্যান, লাইটসহ কয়েকটি আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরদিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পেছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন ব্যাহত করতে যারা এ ধরনের অপকর্মে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিডি/এএন



































