অটোভ্যানে ট্রাকের ধাক্কা: প্রাণ গেল দম্পতির
Published : ১৩:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অটোভ্যানে থাকা এক দম্পতি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম এবং তার স্বামী জালাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, খৈচালা এলাকার ওই আঞ্চলিক সড়ক দিয়ে একটি অটোভ্যান চলাচল করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
দুর্ঘটনায় আহতদের দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি/এএন


































