ফরিদপুরে পুকুর থেকে উদ্ধার বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র
Published : ০২:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুরে লুকিয়ে রাখা অবস্থায় চারটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঢাকা–খুলনা মহাসড়কসংলগ্ন কানাইপুর আখ সেন্টারের একটি পুকুরে দীর্ঘ তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এই অস্ত্রভাণ্ডার পাওয়া গেলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬ রাউন্ড গুলি এবং শতাধিক দেশীয় অস্ত্র—যার মধ্যে রামদা, বল্লম, সরকি ও চাকু রয়েছে। সেনাবাহিনীর প্রাথমিক ধারণা, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা থেকেই এসব অস্ত্র সেখানে মজুত করে রাখা হয়েছিল।
ফরিদপুর সেনাক্যাম্প সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখানে লুকিয়ে রাখা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে সেনাবাহিনী, বিজিবি ও থানা-পুলিশ পুকুরটি ঘিরে ফেলে। এরপর শ্যালো মেশিন ব্যবহার করে পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জেলেদের সহায়তায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি আলাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় একে একে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার উদ্দেশ্যে একটি দুষ্কৃতকারী চক্র নির্বাচনের দিন এসব অস্ত্র ব্যবহার করতে পারে—এমন তথ্য পাওয়া গিয়েছিল। সেই ধারাবাহিকতায়ই এখানে অস্ত্রগুলো মজুত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এসব অস্ত্র থানায় জব্দ থাকা অস্ত্রের মধ্য থেকেই ৫ আগস্টের পর লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হবে এবং পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে এগুলো তাদের জব্দকৃত অস্ত্র কি না। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
বিডি/এএন


































