শিক্ষিকাকে গলা কেটে হত্যা, অতপর কর্মচারীর নিজের গলায় ছুরি
Published : ১৯:১৮, ৪ মার্চ ২০২৬
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়–এ নিজ কক্ষে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।
অভিযোগ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। হামলার পর অভিযুক্ত নিজ গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হঠাৎ চিৎকার ও বিশৃঙ্খলার খবর পেয়ে প্রক্টরিয়াল বডি এবং ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হামলাকারী ফজলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বিডি/এএন

































