কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, ৪ জন একই পরিবারেরসহ নিহত ৫
Published : ২৩:০৮, ২৬ মার্চ ২০২৬
কুমিল্লা-য় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে, অপরজন ছিলেন প্রাইভেটকারের চালক। নিহতরা হলেন—নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা এবং জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস শিক্ষক মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯) ও ছেলে সাঈদ আশ্রাফ (৭)। এছাড়া নিহত প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২) বরিশালের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেটকারটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা সবাইকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী ও মেয়ে এবং চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আহত সাঈদ আশ্রাফ ও তার ভাই আবরারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে সাঈদের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি/এএন































