বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৫, ২৬ মার্চ ২০২৬

চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজ-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টার-এ চাকরি করতেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বিকেল আনুমানিক চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়ির ভেতরে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। পরিস্থিতি বুঝে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জড়িতদের শনাক্তে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গত ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নূর ইসলাম (২৭) নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এর ঠিক সাত দিন পর, ১৪ মার্চ রাত সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement