২ বন্ধু মোটরসাইকেলে কক্সবাজারের পথে, অতঃপর...

২ বন্ধু মোটরসাইকেলে কক্সবাজারের পথে, অতঃপর... ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৬, ২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর আনুমানিক সোয়া চারটার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (২৯)।

তারা বুধবার (২৫ মার্চ) রাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে চকরিয়া এলাকায় পৌঁছালে একটি বাস পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ-এর ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সোয়া চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল।

ওই বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেল এবং একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement