রুমিন-ওসির বাগবিতণ্ডা, পুলিশের জিডি

রুমিন-ওসির বাগবিতণ্ডা, পুলিশের জিডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০০, ২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।

মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সেই ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে গিয়ে ওসির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’

তিনি আরও বলেন, ‘সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে অপেক্ষা করছি। যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

শেয়ার করুনঃ
Advertisement