ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর
Published : ১৮:৩৪, ২৪ অক্টোবর ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় জাকিয়া নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাকিয়া ওই গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।
শিশুটির ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির পাশের রাস্তার ধারে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, রাস্তার পাশে খেলার সময় ট্রাক্টরের হর্ন শুনে রাস্তা পার হতে গিয়ে শিশুটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ পালিয়ে যান বলে জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ট্রাক্টরচালক মাসুদ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























