গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, দুই সদস্যকে মারধরের অভিযোগ
Published : ১৭:২১, ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সদর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা হাতে একটি মিছিল রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে খেয়াঘাট এলাকায় আসে। সেখানে টহলরত পুলিশের গাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভিডিওতে গাড়ি ভাঙচুরের পর পুলিশ সদস্যদের গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়। তবে কী পরিস্থিতিতে তারা সেখান থেকে চলে যান, সে বিষয়ে ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।




























