‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে আশার খবর দিলেন আমির
Published : ১৮:৩১, ২৪ অক্টোবর ২০২৬
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান। দীর্ঘদিন ধরে সিনেমাটির দ্বিতীয় কিস্তির অপেক্ষায় থাকা দর্শকদের জন্য আশার খবর দিয়েছেন তিনি। আমির জানিয়েছেন, পরিচালক রাজকুমার হিরানি এর চিত্রনাট্য তৈরির কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার কথা রয়েছে তার।
সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন আমির খান। সেখানে তাকে ‘স্ক্রিন আইকন’ পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হলে সিনেমাটির চিত্রনাট্য তৈরির অগ্রগতির কথা জানান তিনি।
আমিরের বক্তব্য অনুযায়ী, সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তবে শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেন কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমান যোশি।
প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব, পড়াশোনার চাপ এবং পরিবার ও সমাজের প্রত্যাশার মধ্যে নিজেদের স্বপ্ন খুঁজে নেওয়ার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রায় ৫৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির বছরেই বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয়। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা আরও বেড়েছে। ফলে সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহও দীর্ঘদিনের।
এর আগে রাজকুমার হিরানির পরিচালনায় ‘পিকে’ সিনেমায় অভিনয় করেন আমির খান। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটিও বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।
‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য তৈরির অগ্রগতির খবর প্রকাশ্যে আসায় সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আগের সিনেমার চরিত্রগুলো সিক্যুয়েলে ফিরবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

































