তৃতীয় মেয়াদে লড়ার অধিকার দাবি ট্রাম্পের

তৃতীয় মেয়াদে লড়ার অধিকার দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৭:৩৫, ২৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়ার সিউক্স সিটিতে এক সমাবেশে সমর্থকদের সঙ্গে রসিকতার ছলে তিনি এ দাবি করেন। তবে মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

সমাবেশে ট্রাম্প বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা তিনি জানেন না। আইন অনুযায়ী, তাঁর আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও স্বীকার করেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপির মাধ্যমে তাঁর জয় ছিনিয়ে নিয়েছিল বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ, আমরা তিনবার জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবার নির্বাচনে লড়ার অধিকার আমার আছে।’ বক্তব্য দেওয়ার সময় তাঁকে হাসতে দেখা যায় এবং উপস্থিত জনতা করতালি দিয়ে প্রতিক্রিয়া জানান।

এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়তে তিনি অত্যন্ত আগ্রহী। একই বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশে তিনি বলেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদ থাকা উচিত।’ ওই সময় তৃতীয় মেয়াদকে নিজের প্রাপ্য বলেও উল্লেখ করেছিলেন তিনি।

তৃতীয় মেয়াদে নির্বাচনের বিষয়টি নিয়ে ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন প্রতীকী উদ্যোগও দেখা গেছে। গত বছর তাঁর মালিকানাধীন দোকানে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি শুরু হয়। চলতি বছরের জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও তাঁকে এ ধরনের একটি টুপি পরতে দেখা যায়। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অনেকে বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে বিবেচনা করেছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন গত বছর বলেছিলেন, ট্রাম্প এ ধরনের মন্তব্য করে ডেমোক্র্যাটদের খোঁচা দিতে উপভোগ করেন। সংবিধান সংশোধন করে তাঁকে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কোনো বাস্তব পথ তিনি দেখছেন না বলেও জানিয়েছিলেন জনসন। অন্যদিকে, ট্রাম্পের বিরোধীদের একাংশ আশঙ্কা করছেন, তৃতীয় মেয়াদে নির্বাচনের বিষয়টি নিয়ে তিনি সত্যিই গুরুত্বের সঙ্গে ভাবছেন।

ট্রাম্প নিজেও সংবিধানের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবারের সমাবেশে তিনি বলেন, এ বিষয়ে সংবিধানের বিধান বেশ স্পষ্ট এবং ব্যতিক্রমের সুযোগ খুবই সীমিত।

এদিকে, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সমর্থকদের এমনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যেন তিনিও নির্বাচনের ব্যালটে রয়েছেন। এর মাধ্যমে রিপাবলিকানদের আরও বেশি আসনে জয়ী করতে চান তিনি। তবে তাঁর এই কৌশল কতটা সফল হবে, তা এখনো অনিশ্চিত। এদিকে সাম্প্রতিক জরিপগুলোতে ট্রাম্পের জনসমর্থন কমে নতুন নিম্নস্তরে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে।

শেয়ার করুনঃ
Advertisement