প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

Published : ১৭:২৭, ২৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের কার্যালয়ের কর্মী পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদ ও মনোনয়ন দেওয়ার আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া উপজেলার বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, আবু হুরায়রা নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিএনপিতে রাজনৈতিক পদে দায়িত্ব পাওয়া বা মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি অর্থ চাইতেন বলে অভিযোগ রয়েছে।

এসপি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা দাবি ও আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে বিষয়টি জানার পর পুলিশ সিংড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, আবু হুরায়রা আগে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সেখানে প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শেয়ার করুনঃ
Advertisement