গুরুত্বপূর্ণ ইস্যুতে সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
Published : ১৮:১২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বিচার বিভাগের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের ফুলকোর্ট সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২৬ সালের জন্য দেশের অধস্তন বা নিম্ন আদালতগুলোর ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত ও অনুমোদন।
এ ছাড়া আদালতের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিচারিক প্রক্রিয়ার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা গেছে।
ফুলকোর্ট সভা মূলত সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি অভ্যন্তরীণ পরামর্শমূলক ফোরাম, যেখানে বিচার বিভাগের শৃঙ্খলা, প্রশাসনিক জটিলতা নিরসন এবং নতুন নিয়ম-কানুন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন এই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির উপস্থিতি বাধ্যতামূলক। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো রেজোলিউশন আকারে প্রকাশ করা হবে, যা পরবর্তী সময়ে দেশের সব আদালতের প্রশাসনিক কাঠামোতে কার্যকর হবে।
বিডি/এএন


































