দুর্বল ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের ঘোষণা, আর্থিক খাতে বড় সংস্কার পরিকল্পনা

দুর্বল ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের ঘোষণা, আর্থিক খাতে বড় সংস্কার পরিকল্পনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৩, ১১ জুন ২০২৬

দেশের ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংক পুনর্গঠন ও পুনর্মূলধনীকরণে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ঋণ কেলেঙ্কারি ও আর্থিক সংকটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর সক্ষমতা পুনরুদ্ধারে ‘ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা’ চালু করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী পুনর্মূলধনীকরণ ও ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা হবে।

তিনি জানান, চলতি অর্থবছরে সরকার দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও সহায়তায় প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে, যা আর্থিক খাত পুনরুদ্ধারের বড় অংশ।

ব্যাংক খাতে সংস্কার পরিকল্পনা

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করে আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং করপোরেট গভর্ন্যান্স শক্তিশালী করা হবে, যাতে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে টেকসই ও প্রতিযোগিতামূলক হতে পারে।

অর্থমন্ত্রী দাবি করেন, গত দুই দশকে ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততার হার কমে নেতিবাচক অবস্থায় পৌঁছেছে এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমেছে, যা আর্থিক খাতের স্থবিরতার ইঙ্গিত বহন করে।

পুঁজিবাজার ও আর্থিক অন্তর্ভুক্তি

পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সবশেষে অর্থমন্ত্রী বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শেয়ার করুনঃ
Advertisement