মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেলেন জাকিয়া সুলতানা
Published : ২২:৩৬, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড বাংলাদেশে নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে জাকিয়া সুলতানার নিয়োগের ঘোষণা দিয়েছে। তিনি দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করা বিদায়ী কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। কামাল চলতি বছরের শেষ দিকে অবসরে যাবেন।
মাস্টারকার্ডের এক ঘোষণায় বলা হয়, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম শক্তিশালী করার ক্ষেত্রে সৈয়দ মোহাম্মদ কামালের গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন নেতৃত্বে পরবর্তী প্রবৃদ্ধির ধাপ এগিয়ে নেওয়া হবে।
২০১৫ সালে মাস্টারকার্ডে যোগ দেওয়া জাকিয়া সুলতানা গত এক দশকেরও বেশি সময় ধরে আর্থিক অন্তর্ভুক্তি, কৌশলগত অংশীদারিত্ব এবং ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্বে তিনি দেশে ডিজিটাল পেমেন্ট গ্রহণযোগ্যতা বৃদ্ধি, নিরাপদ লেনদেন ব্যবস্থা গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার প্রসারে কাজ করবেন।
জাকিয়া সুলতানা বর্তমানে মাস্টারকার্ডের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রকল্প, সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট সমাধান উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন।
মাস্টারকার্ডে যোগদানের আগে তিনি এইচএসবিসি-এ চিফ রিস্ক অ্যান্ড অ্যাডমিন অফিসার, বাংলালিংক-এ ডিরেক্টর এবং এয়ারটেল আফ্রিকার (তৎকালীন এয়ারটেল বাংলাদেশ)-এ প্রায় নয় বছর বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গ্রামীণফোন-এ প্রজেক্ট অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেছেন।
মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, জাকিয়া সুলতানার নেতৃত্বে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থার আরও বিস্তার ঘটবে বলে তারা আশাবাদী।


































