কুয়েতের আকাশসীমায় ৪৮ ঘণ্টায় ২৪ ড্রোন অনুপ্রবেশ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
Published : ২০:১৭, ১১ জুন ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে কুয়েতের আকাশসীমায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৪টি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানান, গত দুই দিনে কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে সীমিত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কুয়েতের সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ওমান উপসাগরে জাহাজে হামলার অভিযোগ
এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজ ‘জলবীর’-এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাহাজটি অবরোধ অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানি তেল পরিবহনের চেষ্টা করছিল এবং সেটি অবরোধ লঙ্ঘন করেছে।
এই ঘটনায় চলতি সপ্তাহে ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় আক্রান্ত জাহাজের সংখ্যা তিনে দাঁড়িয়েছে। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজেও হামলার ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘জলবীর’ জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন এবং তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: আল-জাজিরা

































