হার্টের রিং ও ডায়ালাইসিস খরচে স্বস্তি, চিকিৎসা ব্যয়ে বড় করছাড়ের প্রস্তাব

হার্টের রিং ও ডায়ালাইসিস খরচে স্বস্তি, চিকিৎসা ব্যয়ে বড় করছাড়ের প্রস্তাব প্রতীকী ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪৭, ১১ জুন ২০২৬

হৃদরোগ ও কিডনি রোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জামের ওপর কর ও ভ্যাট প্রত্যাহারের ফলে চিকিৎসা ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

হার্টের রিংয়ের দাম কমতে পারে

প্রস্তাবিত বাজেটে হার্টের রিংয়ের জোগানদার পর্যায়ে আরোপিত ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে প্রতিটি রিংয়ের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হৃদরোগের চিকিৎসা ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

ডায়ালাইসিস ও কিডনি চিকিৎসায় করছাড়

কিডনি রোগীদের জন্য ব্যবহৃত ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এতে প্রতি রোগীর ডায়ালাইসিস খরচ গড়ে প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে।

একইসঙ্গে হেমোডায়ালাইসিস ব্লাড টিউবিং সেট আমদানির ওপর বিদ্যমান সাড়ে ৭ শতাংশ অগ্রিম করও প্রত্যাহার করা হয়েছে।

চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ

অর্থমন্ত্রী বলেন, জীবনরক্ষাকারী চিকিৎসা সামগ্রীর ওপর কর প্রত্যাহারের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্য খাতে ব্যয় কমানো এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement