আবাসন খাতে প্রত্যাশিত প্রণোদনা না থাকায় নির্মাণ ব্যয় বাড়ার শঙ্কা

আবাসন খাতে প্রত্যাশিত প্রণোদনা না থাকায় নির্মাণ ব্যয় বাড়ার শঙ্কা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৩, ১১ জুন ২০২৬

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে আবাসন খাতের জন্য প্রত্যাশিত নীতিগত সহায়তা ও কার্যকর প্রণোদনা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সংগঠনটি বলছে, নির্মাণসামগ্রীর ওপর নতুন কর ও শুল্ক আরোপ—বিশেষ করে রডসহ বিভিন্ন উপকরণের ওপর ভ্যাট বাড়ানোর ফলে নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর সরাসরি প্রভাব পড়বে ফ্ল্যাটের দাম ও সাধারণ ক্রেতাদের ওপর।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিহ্যাব জানায়, আবাসন খাত দীর্ঘদিন ধরে যেসব নীতিসহায়তা প্রত্যাশা করছিল, এবারের বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি।

রিহ্যাব আরও জানায়, নিবন্ধন ব্যয় কমানো হলে লেনদেন বাড়বে, বিনিয়োগ উৎসাহিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে পারে। কিন্তু এবারের বাজেটে এ বিষয়ে কোনো স্পষ্ট উদ্যোগ না থাকায় তারা হতাশ।

সংগঠনটির মতে, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রড, সিমেন্ট, সিরামিক, বৈদ্যুতিক সামগ্রীসহ প্রায় ২৬৯টি সংশ্লিষ্ট শিল্প এ খাতের সঙ্গে যুক্ত। ফলে নির্মাণ খরচ বৃদ্ধি পেলে শুধু ডেভেলপার নয়, পুরো অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রিহ্যাব দীর্ঘমেয়াদে নিবন্ধন ব্যয় হ্রাস, গৃহায়ণবান্ধব করনীতি, সহজ অর্থায়ন এবং স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, আবাসন খাতে চাপ বাড়লে নগরায়ণ ও মধ্যবিত্ত আবাসন স্বপ্ন আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement