নারী কর্মীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, নিরাপদ যাতায়াত ব্যবস্থায় নতুন উদ্যোগ
Published : ২১:২৭, ১১ জুন ২০২৬
নারী কর্মীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ নারী চালক দ্বারা পরিচালিত এবং নারীদের ব্যবস্থাপনায় এই বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এ উদ্যোগের মাধ্যমে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, নারীদের কর্মসংস্থান ও সুরক্ষা বাড়াতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ আরও সহজ হবে।
এছাড়া শ্রমিকদের আইনি সুরক্ষা বাড়াতে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’ ইতোমধ্যে জারি করা হয়েছে বলে জানান তিনি। শিশু শ্রম বন্ধে ২০২৬–২০৩০ মেয়াদে একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়াও প্রস্তুত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।



























