ওয়াশিংটন-তেহরান আলোচনার মাঝেই ইরানের ড্রোন ভূপাতিত

ওয়াশিংটন-তেহরান আলোচনার মাঝেই ইরানের ড্রোন ভূপাতিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

পারস্য উপসাগরে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল আলোচিত আলোচনা ও দরকষাকষি অবশেষে শুরু হয়েছে। গতকাল এ তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও।

এই আলোচনার মধ্যেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের খুব কাছাকাছি চলে আসে ইরানের একটি ড্রোন। পরিস্থিতি বিবেচনায় মার্কিন বাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য প্রকাশ করেছে।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, আরব সাগরে ইরানের একটি ড্রোন তাদের বিমানবাহী রণতরীর কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটি ভূপাতিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে আলোচনাটি কোথায় হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, আলোচনা চলছে। তারা কিছু একটা করতে চাইছে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কোনো ফল আসে কি না। তারা আগেও একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন বিষয়টি কার্যকর হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা “মিডনাইট হ্যামার” অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা আর এমন কিছু ঘটতে দিতে চায় না।’

উল্লেখ্য, গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। মিত্র ইসরায়েলকে সহায়তা দিতেই ওয়াশিংটন ওই অভিযান পরিচালনা করে।

দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানকে আলোচনায় বসতে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। পাশাপাশি সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় ইরানে হামলা চালানোর হুমকিও দেন তিনি।

এই প্রেক্ষাপটেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিংকন নামের বিমানবাহী রণতরীটি পারস্য উপসাগরে মোতায়েন করে। এতে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আরও বেড়ে যায়।

তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমাধানের উদ্যোগ জোরদার হয়েছে, যার ফলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্কারবাদী নেতা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইতিবাচক পরিবেশে, হুমকি ও অযৌক্তিক প্রত্যাশা ছাড়াই ন্যায্য ও সমতাভিত্তিক দরকষাকষিতে অংশ নিতে’ তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থকে সর্বাগ্রে বিবেচনায় রেখেই আমরা এ ধরনের আলোচনায় অংশ নেব।’

ইরানের প্রেসিডেন্টের এ ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আত্মরক্ষার অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন থেকে একটি যুদ্ধবিমান উড়ে গিয়ে ইরানি ড্রোনটিতে হামলা চালায়। এতে ড্রোনটি ভূপাতিত হয়।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, বিমানবাহী রণতরী ও তাতে থাকা সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এফ–৩৫সি যুদ্ধবিমানটি ইরানে তৈরি শাহেদ–১৩৯ মডেলের ড্রোনটি ভূপাতিত করে। ওই সময় রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

মুখপাত্রের দাবি, ড্রোনটি আগ্রাসী ভঙ্গিতে রণতরীর দিকে এগিয়ে আসছিল। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি জাহাজটির দিকে অগ্রসর হতে থাকে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement