ইরানে নোবেলজয়ী মোহাম্মাদিকে ছয় বছরের সাজা

ইরানে নোবেলজয়ী মোহাম্মাদিকে ছয় বছরের সাজা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার এ রায় ঘোষণা করা হয়েছে বলে তার আইনজীবী মোস্তাফা নিলি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ’-এর অভিযোগে নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে এই ছয় বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ওপর দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদালতের আদেশ অনুযায়ী তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানো হবে।

২০২৩ সালে মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস মোহাম্মাদি। ইরানে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ এবং নারীদের ওপর বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব অবস্থান নেওয়ায় ৫৩ বছর বয়সী এই অধিকারকর্মীকে বারবার গ্রেপ্তার, বিচার ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে।

গত প্রায় এক দশকের অধিকাংশ সময়ই তাকে কাটাতে হয়েছে কারাগারে। ২০১৫ সালের পর থেকে প্যারিসে অবস্থানরত তার যমজ সন্তানদের সঙ্গেও আর দেখা করতে পারেননি তিনি। মানবাধিকার নিয়ে আপসহীন অবস্থানের কারণে ব্যক্তিগত জীবনেও তাকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement