২০২৬ সালের হজের জন্য আজ থেকে ভিসা প্রদান শুরু

২০২৬ সালের হজের জন্য আজ থেকে ভিসা প্রদান শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে সৌদি আরব আজ রোববার, ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা ক্যালেন্ডারের অংশ হিসেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই প্রস্তুতি জোরদার করা এবং ভিসা ও অন্যান্য প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনার আবাসন, পাশাপাশি পবিত্র স্থানগুলোর সেবা সংক্রান্ত সব চুক্তি শতভাগ সম্পন্ন হয়েছে। এই চুক্তি ‘নুসুক’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এখনও পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, এবং বিভিন্ন দেশ থেকে সরাসরি ৩০ হাজার হজযাত্রী ইতিমধ্যেই হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি হজ বিষয়ক সরকারি দপ্তর প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।

বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধিত সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশটির নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ শেষে হজযাত্রীদের ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে যেতে পারবে না। তাই সকল প্রবাসী বাংলাদেশিসহ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং ফিটনেস সনদ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে, যা হজযাত্রীদের মক্কা ও মদিনায় যাতায়াতের জন্য প্রস্তুত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement