তুষার ও তীব্র শীতে নিউ ইয়র্কে বিপজ্জনক মাত্রায় নামবে ঠাণ্ডা, সতর্কতা জারি
Published : ১৪:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাই-স্টেট অঞ্চলে সপ্তাহান্ত জুড়ে প্রবেশ করতে যাচ্ছে শীতল আর্কটিক বাতাসের প্রবল প্রবাহ। এর সঙ্গে তুষারপাত এবং চলতি মৌসুমের সবচেয়ে তীব্র ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর ফলে পরিস্থিতি খুব দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হালকা তুষারপাত হতে পারে। এতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। লং আইল্যান্ডসহ শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়াবিদদের মতে, আসন্ন দুর্যোগের প্রধান হুমকি তুষার নয়—বরং তীব্র ঠান্ডা। শনিবার সকাল নাগাদ তাপমাত্রা এক অঙ্কে নেমে আসতে পারে। পাশাপাশি শক্তিশালী বাতাসের প্রভাবে অনুভূত তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে। ঘণ্টায় ৪০ মাইলের বেশি গতিতে দমকা হাওয়া বইতে পারে, যার কারণে শরীর থেকে দ্রুত তাপ বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্টবাইটের ঝুঁকি তৈরি হতে পারে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে নিউ ইয়র্ক ও ট্রাই-স্টেট এলাকার জন্য শনিবার ও রোববার এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরে অবস্থানের সময় সীমিত রাখতে, একাধিক স্তরের গরম পোশাক পরতে এবং প্রতিবেশীদের—বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের খোঁজ নিতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে পোষা প্রাণীদের ঘরের ভেতরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তীব্র ঠান্ডার কারণে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস এনহ্যান্সড কোড ব্লু (Enhanced Code Blue) কার্যকর করেছে। সাধারণ কোড ব্লু জারি হয় যখন তাপমাত্রা বা উইন্ড চিল ৩২ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে নামে। তবে এনহ্যান্সড কোড ব্লু চালু করা হয় অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতিতে—যেমন ৩ ইঞ্চির বেশি তুষারপাত, বরফ ও ঝড়, মাইনাস ৫ ডিগ্রির নিচে উইন্ড চিল কিংবা ঘণ্টায় ৪০ মাইলের বেশি স্থায়ী বাতাস থাকলে।
সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময় গৃহহীন কেউ আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। আশ্রয়কেন্দ্রে স্বাভাবিক ভর্তি প্রক্রিয়া ছাড়াই প্রবেশের সুযোগ থাকবে। এছাড়া রাস্তায় কাউকে বিপজ্জনক ঠান্ডায় অবস্থান করতে দেখলে ৩১১ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত আউটরিচ টিম পাঠিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়া কিছুটা উন্নতির দিকে গেলেও তীব্র ঠান্ডা পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
বিডি/এএন


































