হরমুজ প্রণালিতে হামলা, ২ ভারতীয়র প্রাণহানি

হরমুজ প্রণালিতে হামলা, ২ ভারতীয়র প্রাণহানি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৮, ৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যার ফলে দুইজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। ক্যাপ্টেন আশীষ কুমারের বাড়ি ভারতের বিহার রাজ্যে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার “স্কাইলাইট” ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। জাহাজটি ওমানের মুসান্দাম উপদ্বীপের উপকূলে পৌঁছালে হামলার শিকার হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী স্কাইলাইট ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জাহাজটিতে মোট ২০ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি। এই সব ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

তবে হামলার সুনির্দিষ্ট ধরণ সম্পর্কে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। সরকারি সূত্রে জানা যায়, হামলার ফলে দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে দেহগুলি আগুনে ঝলসে যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহ তার কেবিন থেকে উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ছিলেন এবং ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন। এই ঘটনায় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement