১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার
Published : ২২:৪৫, ৫ মার্চ ২০২৬
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার–২০২৬ পাচ্ছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান।
রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তিনি মরণোত্তরভাবে এই সম্মাননায় ভূষিত হচ্ছেন।
চলতি বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বাকি ১৪ জন হলেন— মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর); বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অধ্যাপক ড. জহুরুল করিম; সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং বশির আহমেদ (মরণোত্তর); ক্রীড়াক্ষেত্রে জোবেরা রহমান (লিনু); সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর); জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণ খাতে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানও এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য এই সম্মাননা পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থসহ একটি চেক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
বিডি/এএন






























