সেই ভিডিওর জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর
Published : ২১:৪২, ৫ মার্চ ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুকে নিয়ে নিজের ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং জানান, ভিডিওটি মূলত নির্বাচনী সময়ের।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। ওই ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা পুরো বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।’
ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘উল্লেখ্য, এই ভিডিওটি নির্বাচনকালীন সময়ের এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তবে গতকাল ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার ঘটনায় আমি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এমন কাজ করা মোটেই উচিত হয়নি।
ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—সেই বিষয়টি নিশ্চিত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা কিংবা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা হওয়া উচিত। আমার এই কাজের জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
বিডি/এএন


































