মার্কিন সুপারসনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মার্কিন সুপারসনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৩, ৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এবার আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছাকাছি একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এটিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উল্লেখ করেছে।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, দুই আসনের এই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে সফলভাবে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়েছে এবং সেটি মাটিতে বিধ্বস্ত হয়েছে। যদিও ঘটনাটি ঠিক কখন এবং কী পরিস্থিতিতে ঘটেছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের এমন দাবির পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেন্টকম জানায়, বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। একইসঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও জানিয়েছে, তাদের কোনো যুদ্ধবিমান নিখোঁজ হওয়া বা ধ্বংস হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভেঙে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement