তুরস্ক লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

তুরস্ক লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৬, ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব এবার সরাসরি এসে পৌঁছেছে ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্কের দোরগোড়ায়। আঙ্কারার দাবি, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে সেটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) তুরস্কের সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের মূল ভূখণ্ডের দিকে ধাবিত হচ্ছিল।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পূর্ব ভূমধ্যসাগর এলাকায় মোতায়েন থাকা ন্যাটো–র অত্যাধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে। পরে ন্যাটোর ইন্টারসেপ্টর মিসাইল সুনির্দিষ্টভাবে লক্ষ্যভেদ করে সেটিকে আকাশেই নিষ্ক্রিয় করে দেয়।

এই ঘটনার ফলে তুরস্কের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর সমন্বিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement