জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি

জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৪, ৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাসসহ অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের জ্বালানি সম্পদের সর্বোত্তম ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সাধারণ জনগণকে অবিলম্বে সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এতে বিশেষভাবে বলা হয়েছে, রান্না ও অন্যান্য প্রয়োজনীয় কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলা, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করা এবং কোনো ধরনের লিকেজ থাকলে তা দ্রুত প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হতে হবে এবং সম্ভব হলে শেয়ারিং বা কার-পুলিং পদ্ধতি অনুসরণ করতে হবে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করে জ্বালানি তেলের ব্যবহার কমানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

জনসাধারণের পাশাপাশি বিজ্ঞপ্তিতে সব সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় এবং অফিস-পরবর্তী সময়েও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করে সাশ্রয়ী উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে।

সবশেষে জাতীয় জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement