চেয়ারম্যান পদে অংশ নিতে ইচ্ছুক অভিনেত্রী ডা. জাকিয়া কামাল মুন
Published : ২১:১৪, ১০ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী ডা. জাকিয়া কামাল মুন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দামলা এলাকায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়কালে ডা. জাকিয়া কামাল মুন জানান, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা সেবা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মানুষের সেবা ও উন্নয়নের লক্ষ্য থেকেই তিনি শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী।
তিনি আরও জানান, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন এবং বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রিও অর্জন করেছেন।
ডা. মুনের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত হলে তিনি শ্রীনগর উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নে কার্যকরভাবে কাজ করবেন। পাশাপাশি, শ্রীনগরকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার লক্ষ্যে উদ্যোগ নেবেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে তিনি এলাকার উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
বিডি/এএন


































