ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শুভেচ্ছা পুতিনের
Published : ১৯:৫৩, ৯ মার্চ ২০২৬
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এক বার্তায় তাকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় পুতিন উল্লেখ করেন, রাশিয়া দীর্ঘদিন ধরেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার এবং ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।
ক্রেমলিনের অফিশিয়াল ওয়েবসাইটের বরাতে জানানো হয়, পুতিন তার বার্তায় বলেন, এমন এক সময় ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, যখন এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে দৃঢ় সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে। তিনি আরও বলেন, তার বিশ্বাস মোজতাবা খামেনি অত্যন্ত সম্মানের সঙ্গে তার পিতা আলী খামেনির আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন এবং বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।
একই সঙ্গে তেহরানের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন এবং ইরানি জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, রাশিয়া সবসময় ইরানের পাশে ছিল এবং ভবিষ্যতেও একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবেই থাকবে।
উল্লেখ্য, সোমবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, আলী খামেনির পুত্র মোজতাবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
বিডি/এএন

































