ইতিহাসের শিক্ষা পাথেয় করে আমাদের এগোতে হবে : তথ্যমন্ত্রী

ইতিহাসের শিক্ষা পাথেয় করে আমাদের এগোতে হবে : তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৪৯, ২৭ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমাদেরকে ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলতে হবে।

তিনি সতর্ক করে বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা করার যে মনোজগৎ, সেখান থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের মতো পরিণতি তৈরি হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

২০২৪ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা তার আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তবে বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছি, আমাদেরকে শিখতে হবে ও বুঝতে হবে এবং চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলোকে আমাদের পাথেয় করে চলতে হবে।’

অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ কনস্যুলেটে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মিজানুর রহমান।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে তুরস্ক পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন হবে।

সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement