ইরান যুদ্ধে ড্রোন স্পিডবোট মোতায়েন করল যুক্তরাষ্ট্র
Published : ১২:৩২, ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের জলসীমায় ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
Reuters-এর বরাতে জানা গেছে, এই ড্রোন স্পিডবোট একসঙ্গে নজরদারি চালানোর পাশাপাশি ‘কামিকাজি’ ধরনের আক্রমণেও সক্ষম। অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এটি নিজেকেও ধ্বংস করে দেয়।
পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযানে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন স্পিডবোটটি তৈরি করেছে মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি Global Autonomous Reconnaissance Craft।
যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম সামুদ্রিক ড্রোন প্রযুক্তির ব্যবহার আগে থেকেই থাকলেও, ড্রোন স্পিডবোট তুলনামূলকভাবে নতুন সংযোজন। ২০২৩ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে কৃষ্ণসাগরে প্রথমবারের মতো এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন।
হকিন্স আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারের একটি উদীয়মান সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিট এই ড্রোন স্পিডবোট পরিচালনা করছে।
এই ৫ম ফ্লিটের সদর দফতর বাহরাইন-এ অবস্থিত এবং এটি পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের একটি বড় অংশের নিরাপত্তা ও কার্যক্রম তদারকি করে থাকে।
সূত্র: Reuters
বিডি/এএন
































