নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নির্বাচন কমিশনই মূল নেতৃত্বের দায়িত্বে রয়েছে। তিনি জানান, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কমিশনকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। এ সময় তিনি ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে তারা অটল।
বৈঠকে সিইসি নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
অন্যদিকে, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।
বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনামাফিক অগ্রসর হচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
প্রস্তুতি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার জন্য সিইসি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিও প্রধান উপদেষ্টার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।































