তিনদিনে ঢাকা থেকে বাতিল হলো ১০২টি ফ্লাইট

তিনদিনে ঢাকা থেকে বাতিল হলো ১০২টি ফ্লাইট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪১, ২ মার্চ ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত,

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর তাৎক্ষণিক প্রভাব পড়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে শুধু সোমবারই ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইন্সের এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, আকাশপথে যুদ্ধজনিত ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতির ওপর নজর রেখে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে Qatar Airways–এর ৪টি, Emirates–এর ৫টি, Gulf Air–এর ২টি, flydubai–এর ৪টি, Kuwait Airways–এর ২টি, Air Arabia–এর ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর ৪টি এবং US-Bangla Airlines–এর ১০টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্য বেশিরভাগ গন্তব্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে পর্যায়ক্রমে সব রুটেই ফ্লাইট চালু করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement