বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার
Published : ১৭:১৭, ২ মার্চ ২০২৬
সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ রক্ষায় কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সিলেট অঞ্চলের চা শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে যুক্তরাজ্যের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, সিলেটের চা বাগানগুলোতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং অতীতেও এ খাতে যুক্তরাজ্যের সম্পৃক্ততা ছিল। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পর্যটন খাতও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, দেশের সার কারখানাগুলো গ্যাস সংকটের কারণে সারা বছর সচল রাখা সম্ভব হয় না। এলপিজি ব্যবহার করে সার উৎপাদন অব্যাহত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের সার শিল্পে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতেও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা প্রদানের আগ্রহের কথাও জানান।
বৈঠকে সিলেটের চা শিল্প ছাড়াও সীফুড, লেদার প্রসেসিং, রপ্তানি বহুমুখীকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার জানান, এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন এবং কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
বিডি/এএন






























