নির্বাচনের পর তিন দিনে ক্ষমতা হস্তান্তর সম্ভব: প্রেস সচিব

নির্বাচনের পর তিন দিনে ক্ষমতা হস্তান্তর সম্ভব: প্রেস সচিব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং নতুন সরকার সম্ভবত ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব গ্রহণ করতে পারে। খবরটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।

এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নিতে পারবে।”

একই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নিশ্চিত করেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

“সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে,” যোগ করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement