আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
Published : ১৩:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলা এবং মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইবুনাল-২।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার তৃতীয় রায় হিসেবে বিবেচিত হচ্ছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। তারও আগে ১৪ ও ১৫ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
পরে আসামিপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান।
এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন আসামি এখনও পলাতক রয়েছেন।
গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সে সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতে সাক্ষ্য প্রদান করেন।
বিডি/এএন

































