ক্ষমতায় গেলে নিরাপদ দেশ গড়ার ঘোষণা জামায়াত আমিরের
Published : ১৪:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সারা দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সকল মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন’ এবং ‘উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়া’র স্লোগানে আয়োজিত এসব জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়।
নির্বাচনী জনসভায় বক্তব্যকালে জামায়াত আমির বলেন, এলাকার মরা নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে এবং আমসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন করা হবে। এর মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা হবে। নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশু, যুবক ও প্রবীণসহ সকল নাগরিকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, পুরোনো বন্দোবস্তকে লাল কার্ড দেখিয়ে নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হবে। এজন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
বিডি/এএন





























