জামায়াত সরকার মানেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিলুপ্তি—মিন্টু
Published : ১৩:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ফেনী-৩ (দাগনভুঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বিএনপিকে অবশ্যই ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশকে ইরাক, লিবিয়া, সুদান কিংবা আফগানিস্তানের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি.কম-এর সভাপতিত্বে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং আগামী ১২ জানুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।
সাবেক এফবিসিসিআই সভাপতি মিন্টু মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
সাম্প্রতিক সময়ে সারাদেশে জামায়াতের তথাকথিত অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারা প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচনের পর এসব ষড়যন্ত্রকারীদের কোথাও জনপ্রতিনিধি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার অভিযোগ, জামায়াত বিএনপি প্রার্থীদের সরিয়ে দিয়ে বিনাভোটে নির্বাচিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এলাকার সার্বিক উন্নয়নে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জামায়াত নির্বাচন বানচালের শত চেষ্টা চালাচ্ছে। তবে দেশের মানুষ জেগে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের মতোই আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে জামায়াতকে পরাজিত করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে বুধবার বিকেলে দাগনভুঁইয়ার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে পৃথক বৈঠক করেন আবদুল আউয়াল মিন্টু। একই দিনে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী শো-ডাউনে অংশ নেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সাংবাদিক মেসবাহ জানান, ওই শো-ডাউনে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতি ছিল।
বিডি/এএন





























